ভারত সরকারের তোপের মুখে পড়েছে সোশাল নেটওয়ার্কিং সাইটগুলো। আসামে সহিংসতার পর ফেইসবুক এবং টুইটারের সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোতে বিদ্বেষমূলক পোস্ট ছড়িয়ে পড়ে। ওই পোস্টগুলোর সূত্র ধরে পাল্টাপাল্টি সহিংসতার সূত্রপাত হতে পারে, এমন আশংকা করছে ভারত সরকার। বিদ্বেষমূলক পোস্টগুলো সরিয়ে না ফেললে সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার হুমকি দিয়েছে ভারত সরকার। খবর বিবিসির। এর মধ্যেই বেশ কিছু জাতিগত বিদ্বেষমূলক পোস্ট ডিলিট করে দিয়েছে ফেইসবুক এবং গুগল। এখন পর্যন্ত তেমন কোন সাড়া পাওয়া যায়নি টুইটার কর্তৃপক্ষের কাছ থেকে। তবে ভারতে টুইটারের কোনো অফিস না থাকায় টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে এখন পর্যন্ত সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারেনি বলেই মন্তব্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি টুইটার কর্তৃপক্ষ। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করছে, সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোতে ছড়িয়ে পড়া বিদ্বেষমূলক পোস্টগুলোতে যেসব ছবি এবং মেসেজ ব্যবহার করা হয়েছে, তার বেশিরভাগই এসছে পাকিস্থান থেকে এবং ওই ছবিগুলো সংশ্লিষ্ট ঘটনার নয়। সংখ্যালঘু জাতিগুলোর মধ্যে আরো সহিংসতার ঘটনা ঘটার আশংকায় ব্যাঙ্গালোর এবং পুনে ছেড়েছেন বহু বাসিন্দা। অন্যদিকে, ভারতে জাতিগত সংঘাতে উষ্কানি দিতে পারে, এমন ২৪৫টি ওয়েবপেইজ বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির টেলিযোগাযোগ সচিব আর চন্দ্রশেখর। -বিশ্বজিৎ পোদ্দার





